দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত ও বাজারজাত করার অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ ও শামিম হাওলাদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শকুনি এলাকায় অবস্থিত ‘জেএস মার্কেটিং ফিডিং’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য জব্দ করা হয় এবং দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে ছিল ভোজ্য তেল, ডাল, চিনি, পোলাওয়ের চাল, সাবানের গুঁড়া, ডিশ ওয়াশিং বারসহ বিভিন্ন খাদ্য ও ভোগ্যপণ্য। পরে এসব পণ্য জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক জুয়েলকে আটক করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গোডাউন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
জে আই